ভূরুঙ্গামারীতে দ্যা রেড জুলাই’র শীতবস্ত্র বিতরণ
বিশেষ প্রতিনিধি :গোলাম মোস্তফা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন দ্যা রেড জুলাই’র উদ্যোগে চরাঞ্চলের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলা প্রশাসনের সহযোগিতায় দ্যা রেড জুলাই’র আয়োজনে উপজেলার তিলাই ইউনিয়নের শালমারার চর, খোচাবাড়ির চর। জয়মনিহাট ইউনিয়নের পাঁচমাথা ও পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ এলাকার শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দ্যা রেড জুলাই’র আহ্বায়ক হাসান মাহমুদ জয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব লিংকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা বলেন, প্রতিবছর শীত মৌসুমে চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় অনেক সময় এসব এলাকার শীতার্ত মানুষ সহযোগিতা থেকে বঞ্চিত হয়। বিষয়টি বিবেচনায় রেখে দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
এসময় আয়োজকদের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে সচেতনভাবে ‘হ্যা ভোট’ এর পক্ষে অবস্থান নিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করে তিলাই ইউনিয়নের খোচাবাড়ির চরের বাসিন্দা ফুলমতি, জরিনা ও শালমারার চরের বাসিন্দা সুমন বলেন, এই শীতে চরের মানুষের কথা চিন্তা করে তেমন কেউ এগিয়ে আসেনি। দ্যা রেড জুলাই ও উপজেলা প্রশাসন শীতের কষ্টের কথা ভেবে এত দূর এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
স্থানীয়রা জানান, শীতবস্ত্র বিতরণের ফলে এই শীতে চরাঞ্চলের দরিদ্র মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। তারা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।